গানেই ‘হাওয়া’র বাজিমাত

ঈদের ছবির ডামাডোলের মধ্যেই প্রকাশ পেল মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’র ট্রেলার। ২৯ জুলাই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবিটি। তার আগে ৭ জুলাই মুক্তি পেল ছবির গান ‘সাদা সাদা কালা কালা’। সেই গান এখন মানুষের মুখে মুখে। ঈদের ছুটির এই সময়ে ইউটিউব, ফেসবুক, টিকটকে গানটির প্রায় সাত শ কাভার ভার্সন বেরিয়েছে। হাশিম মাহমুদের কথা ও সুরে গানটির প্রথম দুই লাইন এমন— ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী? বসন্তকালে তোমায় বলতে পারিনি। ’ হৃদয়গ্রাহী সুর ও ইমন চৌধুরীর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা শিবলু। বাংলা চলচ্চিত্রের গান নিয়ে এমন উন্মাদনা ডিজিটাল প্ল্যাটফরমে এর আগে খুব একটা চোখে পড়েনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে যাঁদের যাতায়াত আছে তাঁরা হাশিম মাহমুদকে ভালো করেই চিনে থাকবেন। তাঁর কণ্ঠে গানটি শোনেননি, গত দুই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ছাত্র খুব কমই আছেন। পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, “চারুকলায় পড়ার সময় থেকেই হাশিম ভাইয়ের সঙ্গে পরিচয়। গানে গানে কত বিকেল পার করেছি হাশিম ভাইয়ের সঙ্গে। যখন ‘হাওয়া’ শুরু করি, তখনই মনস্থির করি ছবিতে গানটা রাখব। কিন্তু হাশিম ভাইকে পাচ্ছিলাম না। টানা চার মাস খোঁজ নিয়ে জানলাম তিনি অসুস্থ। গান ব্যবহারের অনুমতি পেলাম, কিন্তু অসুস্থতার কারণে তাঁর কণ্ঠটা রাখতে পারলাম না। ” হাশিম সিজোফ্রেনিক রোগী, সংলগ্ন হয়ে কথা বলতে পারেন না। গানটি নতুন করে গেয়েছেন শিবলু, তিনি দেড় যুগ ধরে হাশিমের সঙ্গে গান করেছেন। গানটির রেকর্ডিংয়ের গল্পও বলেছেন সুমন, ‘পুরো গানে একটাই বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে—খমক। নৌকার পাটাতন, বাঁশ, হাঁড়ি-পাতিলের মতো অযন্ত্রগুলোতে সুর তোলা হয়েছে। সময় নিয়ে সেগুলো গেঁথেছেন ইমন। ’

Post a Comment

Previous Post Next Post